কেরাণীগঞ্জ প্রতিনিধি :
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় ১০০ কেজি গাঁজাসহ মাদক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০| শনিবার (১৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১০| গ্রেপ্তারকৃত মোঃ সোহান হোসেন (৩৪) রাজধানী ঢাকার বংশালের কসাইটুলীর মৃত মোঃ আবুল হোসেনের ছেলে|
আরও সংবাদ পড়ুন : কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের আত্মহত্যা!
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদক চক্রের সক্রিয় সদস্য| সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| শনিবার ভোরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়| যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা|
আরও সংবাদ পড়ুন : রাণীশংকৈলে ভুট্টাক্ষেতে মিলল ৪ বছরের শিশুর মরদেহ, আটক-১
এ সময় তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ১২ হাজার ৯৫০ টাকা, ৪১টি প্লাস্টিকের বস্তা ভর্তি রাবার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়|
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার লক্ষ্যে উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়|



